Sylhet Today 24 PRINT

‘সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা’ প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

‘সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা’ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এ বছর এ সম্মাননা প্রদান করা হয় সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রথিতযশা সাংবাদিক আব্দুল মালিক চৌধুরীকে।
 
ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত আব্দুল মালিক চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন-সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী।

সম্মাননা পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী এ সময় বলেন, এ ধরনের পদক প্রদান সুষ্ঠু ও সৎ সাংবাদিকতা উৎসাহিত করবে। তিনি এ পদক প্রবর্তনে ক্লাব নেতৃবৃন্দ ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পদক প্রদানে সাংবাদিক নির্বাচনে নীতিবান সাংবাদিকদের প্রাধান্য দেয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, গোলাপগঞ্জ উপজেলার বাঘা নিবাসী বিশিষ্ট সমাজসেবী মরহুম ইয়াহিয়া চৌধুরীর যুক্তরাষ্ট্র প্রবাসী পত্নী মহিবুন্নেছা চৌধুরীর স্মৃতি রক্ষার্থে তাঁর সন্তানদের মহতী উদ্যোগ ‘মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা’। সমাজহিতৈষী এই মহিলার ৯ সন্তানের সকলেই যুক্তরাষ্ট্র প্রবাসী। তাদেরই দেয়া অনুদানে গত বছর থেকে ‘সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা’ প্রদান শুরু হয়েছে। প্রথমবার এ সম্মাননা পান অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী ও সিলেট সমাচারের সম্পাদক আব্দুল ওয়াহেদ খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.