Sylhet Today 24 PRINT

টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ৫ জনের বাড়ি গোলাপগঞ্জে

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তাঁরা এই কারখানায় কর্মরত ছিলেন। শনিবার ভোরে বয়লার বিস্ফোরনে এই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গোলাপগঞ্জের ৫ জন ও হবিগঞ্জের ১ জনসহ এখন পর্যন্ত ২৪ জনের নিহতের খবর পাওয়া গেছে।

নিহত ৬ জনের মরদেহ টঙ্গী সরকারী হাসপাতালে রয়েছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।

নিহতের মধ্যে ৪ জন গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির সুন্দিশাইল গ্রামের ও ১ জন ঢাকাদক্ষিণ ইউপির ভাড়েরা গ্রামের বাসিন্দা।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিহতদের স্বজন এম ওয়াদুদ ইমরুল জানান, দুর্ঘটনায় তাদের গ্রামের চারজন মর্মান্তিভাবে মৃত্যু হয়েছে। এর মধ্যে ওই গ্রামের মৃত তমজীদ আলীর ছেলে সাইদুর রহমান (৫৫), মৃত তমছির আলীর ছেলে ওয়ালি আহমদ (৩৫), মৃত মজর আলীর ছেলে হাসান সিদ্দিকী (৫০), সুনা মিয়ার ছেলে এনামুল হক (৩৮) ও ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল ভাড়েরা গ্রামের আব্দুল করিমের চেলে রেদওয়ান আহমদ (৩৫)। এছাড়া নিহত অপরজনের নাম রোজিনা এবং তাঁর বাড়ি হবিগঞ্জে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ. আলী হায়দার খান।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলী নিহত পাঁচজনের বিষয়ে অবগত হয়েছেন বলে জানান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মৌরিন করিম জানান, ওই কারখানায় গোলাপগঞ্জ উপজেলার কর্মরত কয়েকজন হতাহত হয়েছে বলে শুনেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.