Sylhet Today 24 PRINT

তাজুল হত্যার প্রধান আসামী শাকিল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

কাউন্সিলর শানুর ছোট ছেলে সোহান ইসলাম হত্যা মামলারও প্রধান আসামি এই শাকিল। নিহত সোহানের বড় ভাই রায়হান ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখমের করার অভিযোগও রয়েছে শাকিলের বিরুদ্ধে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ আটকের খবর নিশ্চিত করেছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল নগরীর কোয়ারপাড় ইঙ্গুলাল রোডের বাসিন্দা মৃত বাবুর্চির ছেলে। পিচ্চি শাকিল হিসেবেও তার পরিচিতি রয়েছে।

গত ২০ আগস্ট রাত ১০টার দিকে নগরীর খুলিয়াটুলা গরমদেওয়ানের মাজার সংলগ্ন সড়কে সাবেক সিটি কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর রাতে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানা বেগম শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় শাকিলসহ ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আটকদের মধ্যে খুলিয়াটুলার বাসিন্দা মখরম আলীর ছেলে গুলজার আহমদ ও দুলাল আহমদকে গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.