নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর, ২০১৬
প্রশাসন ক্যাডারের চার কর্মকর্তাকে হিসাব ক্যাডারে পদায়ন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে (এসজিএফএল)। এ পদক্ষেপকে অন্যায্য দাবি করে এ বিষয়ে প্রতিকার চেয়ে পেট্রোবাংলার কাছে লিখিত অভিযোগ করেছেন হিসাব ক্যাডারের কর্মকর্তারা। তবে কোম্পানির স্বার্থেই সংশ্লিষ্টদের পদোন্নতি দেয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ।
এসজিএফএল সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে সহকারী সেবা কর্মকর্তা ও ১৯৯৬ সালে সহকারী ভাণ্ডার কর্মকর্তা হিসেবে নিয়োগ পান যথাক্রমে বর্তমান উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা), ব্যবস্থাপক (নিরীক্ষা), ব্যবস্থাপক (পেনশন, পিএফ অ্যান্ড গ্র্যাচুইটি) ও ব্যবস্থাপক (ডিএলও)। সাধারণ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত বর্তমান উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) এখন পর্যন্ত চারটি ও ব্যবস্থাপক (ডিএলও) দুটি পদোন্নতি পেয়েছেন। তাদের পদায়নের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
একতরফাভাবে শুধু সাধারণ ক্যাডার থেকে এসব কর্মকর্তাকে হিসাব ক্যাডারে পদায়নের বিষয়টিকে হিসাব ক্যাডারে কর্মরতদের জন্য বঞ্চনা বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
হিসাব ক্যাডারের কর্মকর্তারা জানান, সাধারণ ক্যাডারের কর্মকর্তাদের হিসাব ক্যাডারে পদায়নের ফলে তারা (হিসাব) পদোন্নতিসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি ধারাবাহিক অবমূল্যায়নের ফলে হিসাব ক্যাডারের কর্মকর্তাদের হীনম্মন্যতায় ভুগতে হচ্ছে। একই সঙ্গে পদায়নে জ্যেষ্ঠতার লঙ্ঘন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের পদোন্নতি নিয়েও শঙ্কিত।
গত ৩ আগস্ট পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে দেয়া চিঠিতে যাদের হিসাব ক্যাডারে পদায়ন করা হয়েছে, তাদের আগের ক্যাডারে ফেরত পাঠানোর দাবি জানানো হয়।
জানতে চাইলে এসজিএফএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শওকত আলম কাদরী বলেন, এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। তবে যারা অভিযোগ করেছেন, তারা সম্পূর্ণ একতরফাভাবে কোম্পানির নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে এসব করেছেন। কোম্পানির স্বার্থেই পদোন্নতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি গ্যাস উত্পাদনকারী কোম্পানির একটি এসজিএফএল। দেশের প্রথম গ্যাস কোম্পানি হিসেবে ১৯৬০ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে গ্যাস উত্পাদন করে আসছে কোম্পানিটি। এটি বর্তমানে হরিপুর, কৈলাসটিলা, বিয়ানীবাজার, রশিদপুর ও ছাতক গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্পাদন করছে। এসজিএফএলের ৫৮৮ জনবলের মধ্যে কর্মকর্তা ২৭৩ জন।
সূত্র : বণিক বার্তা