Sylhet Today 24 PRINT

বরইকান্দিতে একদিন আগে ঈদ করা নিয়ে এলাকায় উত্তেজনা, ভাংচুর

নিজস্ব প্রতিবেদক |  ১২ সেপ্টেম্বর, ২০১৬

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে এক পরিবারের সৌদি আরবের মিল রেখে একদিন আগে  ঈদুল আজহা পালন নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরইকান্দিতে মধ্যপ্রাচ্যভিত্তিক এনজিও 'ইকরা' পরিচালিত হাসপাতালে সোমবার (১২ সেপ্টেম্বর) সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাত পড়ে কোরবানি দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিস-উন-নূর। মুক্তাবিস উন নুর ইকরা বাংলাদেশের সমন্বয়ক। কোরবানির খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত ক্ষুব্ধ হয়ে এতে বাধা দেয়।

এসময় ক্ষুব্ধ জনতা ইকরা'র হাসপাতালে ভাংচুরও চালিয়েছে।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হোসেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তাবিস-উন-নূর একাই একদিন আগে ঈদ পালন করছিলেন। এতে পঞ্চায়েতের সাথে তার বিরোধ হয়। এটা কোন বড় সমস্যা নয় বলে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করি"।

ওসি জানান, কোরবানি হওয়া পশুর মাংস একটি এতিমখানায় দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

গত কয়েকবছর ধরেই মুক্তাবিস-উন নুর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাতের আয়োজন করছেন। গত ঈদুল-ফিতরে বরইকান্দিতে তিনি আগের দিন ঈদের জামাত আয়োজন করতে চাইলে স্থানীয় এলাকাবাসী এতে বাঁধা দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.