Sylhet Today 24 PRINT

মাধবপুরে চোরাই মালামালসহ চোর আটক

মাধবপুর প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৬

মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে চোরাই মালামাল বিক্রয় করতে গিয়ে চোরাই মালামালসহ এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের করিম হোসেনের ছেলে রাজন মিয়া (২০) কিছু চোরাই মালামাল বিক্রয় করতে গেলে বাজারের ব্যবসায়ী মাইনুল ইসলাম জুয়েলসহ কয়েকজন ব্যবসায়ীর সন্দেহ হয়।

পরে বাজার কমিটির সভাপতি ডা. লাল মিয়া, স্থানীয় মেম্বার ইদ্রিছ আলী, স্থানীয় আওয়ামীলীগ সভাপতি আ. খালেকসহ বাজারের নেতৃবৃন্দ চোরাই মালামালসহ রাজন মিয়াকে আটক করে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন মিয়ার নিকট সোপর্দ করেন।

চোরাই মালামালসহ আটক রাজন মিয়ার স্বীকার উক্তি অনুযায়ী, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে তার নেতৃত্বে চৌমুহনী পশ্চিম বাজারের মুদি দোকানদার দুধ মিয়ার দোকান চুরি করে স্থানীয় কয়েকজন চোর। আটককৃত মালামালগুলো দুধ মিয়ার দোকানেরই। এছাড়াও একাধিক চুরির ঘটনার সাথে সে নিজে জড়িত বলে স্বীকার করে।

স্থানীয় এলাকাবাসী জানান, এলাকায় একাধিক চুরি তার ধারা সংগঠিত হয়েছে।

পরে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন মিয়া কাশিমনগর পুলিশ ফাঁড়িতে খবর দিলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই গোপেশ দাসের নেতৃত্বে একদল পুলিশ এসে চোরাই মালামাল উদ্ধার করে তাকে থানায় নিয়ে যান।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই গোপেশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজারের ব্যবসায়ীগণ তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ এনেছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.