বড়লেখা প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় কুরবানির মাংস ভাগ-ভাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের দায়ের কুপে আহত কুতুব আলী (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাতিজা আব্দুস সামাদ (৩০)। নিহত কুতুব আলী উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির চান্দেরগুল গ্রামের মৃত আরব আলীর ছেলে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চান্দেরগুল গ্রামের আব্দুল মতিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চান্দেরগুল গ্রামের আব্দুল মতিনের বাড়িতে নিহত কুতুব আলীর সাথে কুরবানির মাংস ভাগ-ভাটোয়ারা নিয়ে একই গ্রামের মুজম্মিল আলীর ছেলে আব্দুল জলিলের মনোমালিন্যের সৃষ্টি হয়। ভাগ-ভাটোয়ারার কিছু সময় পর কুতুব আলী ছোরা পরিস্কার করতে পুকুর ঘাটে যান। এসময় পেছন থেকে আব্দুল জলিল দা দিয়ে কুতুব আলীর পিটে ও হাতে কুপ দেয়। দায়ের কুপে কুতুব আলী গুরুতর আহত হন। কুতুব আলীকে বাঁচাতে এগিয়ে এলে ভাতিজা আব্দুস সামাদকেও কুপিয়ে আহত করে জলিল পলিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টায় কুতুব আলী মৃত্যুবরণ করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ শহীদুর রহমান বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়নি।’