Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৬

মামলার সাক্ষী হওয়ার কারণে সিলেটে আখতার মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আখতার মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মনতু মিয়া জানান, আদালতে দায়েরকৃত একটি মামলার সাক্ষী হওয়ায় প্রতিপক্ষ পাশের বাড়ির সুমন মিয়ার নেতৃত্বে শফিক, ময়নুল, সাহাব উদ্দিন, আনহার, আছরসহ ৮/১০ জন সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে আখতারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আখতার মিয়া ও তার ভাই কালা মিয়া এবং মামাতো ভাই মছকন্দর আলি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আখতার মারা যান।

জানা গেছে, ঘটনার রাতে হামলাকারীরা আহতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় অভিযোগ দায়ের করেন। তাই নিজেরা আটকের ভয়ে নিহতের ভাই ও স্বজনরা আহত আখতার মিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারেননি।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর নিহত আখতার মিয়া ও তার ভাইদের অভিযুক্ত করে প্রতিপক্ষ থানায় এজাহার দিলেও তা মামলা হিসেবে রুজু করা হয়নি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.