নিজস্ব প্রতিবেদক | ০৩ এপ্রিল, ২০১৫
২ কোটি টাকা ব্যায়ে সিলেটের সাংস্কৃতিক কর্মকান্ডেরর কেন্দ্রস্থল সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সেখানে নতুন করে একটি নাট্যমঞ্চও তৈরী করা হয়েছে। অডিটোরিয়ামটি সংস্কার করায় সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে প্রাণ সঞ্চার হবে বলে মনে করছেন সাংস্কৃতি ব্যক্তিত্বরা। তারা বলছেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো নাট্যকর্মীদের জন্য একটি মঞ্চ নির্মাণ করা। অবশেষে সেটি হয়েছে। এতে সাংস্কৃতি কর্মীদের একটি স্বপ্নও পূরণ হলো।
এ ব্যাপারে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, সিলেটে সাংস্কৃতি কর্মীদের দীঘদিনের দাবি ছিল কবি নজরুল অডিটোরিয়াম সংস্কার করা, সিলেটে একটি নাট্যমঞ্চ তৈরী করাসহ সাংস্কৃতিক চর্চার জন্য একটি নির্ধারিত ভবন নির্মাণ করা। কবি নজরুল একাডেমি সংস্কার করা ও ওই অডিটরিয়ামে একটি নাট্যমঞ্চ তৈরী করায় সিলেটের সাংস্কৃতি বিকাশে এক ধাপ এগিয়েছে। সিলেট জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির একান্ত প্রচেষ্টায় ও সিলেট জেলা পরিষদের তত্ত্বাবধানে কবি নজরুল ইসলাম অডিয়ামের কাজ শুরু হয় ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে কবি নজরুল অডিটরিয়ামের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে সংস্কার কাজের সাথে একটি নাট্যমঞ্চও নির্মাণ করা হয়। সংস্কার কাজের মধ্যে অডিটোরিয়ামের ভেতরে নতুন চেয়ার, বাথরুম মেরামত, দরজা-জানালা মেরামত, পুরো অডিটরিয়াম রং করা, দুটি গেইট নির্মাণ করা হয়েছে। এতে মোট ব্যয়ে হয়েছে ২ কোটি টাকা। আজ শুক্রবার বিকালে এর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কবি নজরুল অডিটরিয়ামে সরজমিনে গিয়ে দেখা গেছে, অডিটোরিয়ামের পূর্ব পাশে একটি নাট্যমঞ্চ তৈরী করা হয়েছে। পশ্চিম পাশে একটি গেইট তৈরী ও পুরো অডিটোরিয়ামটি রং করা হয়েছে।
এছাড়াও অডিটোরিয়ামের ভেতরে অনেকগুলো নুতন চেয়ার বসানো হয়েছে। এদিকে, আজ কবি নজরুল অডিটোরিয়াম উদ্বোধনের পর সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের উদ্যোগে শুরু হচ্ছে সপ্তাহ ব্যাপী ‘একুশের চেতনায় নাট্যোৎসব’। উৎসবটি উদ্বোধন করবেন মঞ্চকুসুম শিমুল ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ নাট্যেৎসবের স্লোগান হচ্ছে ‘মানবিক বোধে হোক প্রতিরোধে সন্ত্রাস নির্মূল’।