Sylhet Today 24 PRINT

মাছ ধরার জালে উঠে এলো যুবকের লাশ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদী থেকে মোজাহের আলী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রংপুরের পীরগাছা উপজেলার মৃত শুকুর আলীর পুত্র। মোজাহের আলী দীর্ঘদিন থেকে জাফলংয়ের লাখেরপাড় এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে শশুর বাড়িতে বসবাস করে আসছেন।

শনিবার দুপুরে জাফলংয়ের মমিনপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে স্থানীয় লোকজন নদীতে জাল দিয়ে ভাটায় মাছ ধরতে যায়। এসময় তাদের জালে মরদেহটি আটকে যায়। তারা মরদেহটি নদীর তীরে নিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই রাজীব মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সাঁতার না জানায় নদী পারাপারের সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.