Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ঝুঁকি নিয়ে ভাঙ্গা সড়কে চলছে যানবাহন

বানিয়াচং প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

বানিয়াচং উপজেলা সদরের অধিকাংশ রাস্তাঘাটেরই এখন বেহাল দশা। অনেক ঝুঁকি নিয়ে এসব রাস্তা দিয়ে চলছে যানবাহন।

সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, উপজেলা সদর ৪টি ইউনিয়নের অধিকাংশ রাস্তা ক্ষতিগ্রস্ত। একই অবস্থা বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজার প্রবেশ মুখের রাস্তাগুলোর।

স্থানীয়রা জানান, জরুরী ভিত্তিতে এসব রাস্তার সংস্কার না করলে অনেক স্থানেই যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এসব রাস্তা মেরামতে বা তৈরির সময় দু’পাশে পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অনেক নতুন রাস্তাও বৃষ্টির তোড়ে ভেঙে পড়ছে। এলাকাবাসীর দাবি, রাস্তার সংস্কারের পাশাপাশি পানি নামার জন্য পথ তৈরি করতে হবে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সরকার দলীয় এক মধ্যম সারির নেতা ক্ষোভ নিয়ে জানান, এমপি মহোদয়ের সদরের উন্নয়ন করার কোন ইচ্ছা নাই। যা উন্নয়ন হচ্ছে সদরের বাহিরে। সদরের আওয়ামীলীগের নেতাকর্মীরা তো নৌকায় ভোট দেয়না। এই ভেবে হয়তো এমপি সাহেবের সদরের রাস্তাঘাটের কোন উন্নয়ন প্রয়োজন মনে করেন না।

তিনি আরও বলেন, তার এলাকায় লাখ লাখ টাকা খরচ করে ব্রিজ বানিয়েছেন। অথচ এই ব্রিজ দিয়ে যানবাহন তো দুরের কথা কোন প্রাণী ও যাতায়াত করেনা। তাই সরকারের চলমান উন্নয়নকে আরও বেগবান করতে যত দ্রুত সম্ভব উপজেলা সদরের সবকটি রাস্তা মেরামত করার জন্য এমপি সাহেবের সুদৃষ্টি কামনা করছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়বাজার-গ্যানিংগঞ্জ বাজার রাস্তায় পিচ, ইট ও খোয়া সরে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বড়বাজার-আদর্শবাজার রাস্তার অনেকাংশে ধসে গিয়ে চলাচলে বিঘ্ন ঘটছে। এলআর হাইস্কুল, গার্লস হাইস্কুল, শহীদ মিনার-পুরাতন পশু হাসপাতাল, আলীয়া মাদ্রাসা রাস্তায়ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ছোট ছোট যানবাহনগুলো পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে। একই দশা বাবুর বাজার ও হাসপাতাল রাস্তারও। বড়বাজারের ৪টি প্রবেশ মুখসহ গ্যানিংগঞ্জবাজারে সবগুলো প্রবেশ মুখের রাস্তাই ভেঙ্গে চুরমার।

টমটম চালক শিবলু মিয়া জানান, ভাঙ্গাচোরা রাস্তাঘাটে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে। ভাঙ্গাচোরা রাস্তার ফলে বড়বড় ঝাঁকুনিতে ইঞ্জিন বিকল হয়ে পড়ছে। রিকশা চালক সাবাজ মিয়া জানান, সবগুলো রাস্তারই পিচ, ইট ও খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। রিকশা চালানো দুষ্কর হয়ে পড়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ জানান, রাস্তাঘাটের অবস্থা মারাত্মক খারাপ। জনদুর্ভোগ লাঘবে নতুন রাস্তা নির্মাণের চেয়ে পুরাতন রাস্তাগুলো সংস্কার জরুরী হয়ে পড়েছে। জেলা পর্যায়ের মিটিংয়ে রাস্তাগুলো সংস্কারে উদ্যোগ নিতে প্রস্তাব রেখেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.