Sylhet Today 24 PRINT

থানা ভাংচুর মামলায় বিশ্বনাথে যুবলীগ নেতাসহ ৩ জন কারাগারে

বিশ্বনাথ প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের বিশ্বনাথ থানা ভাংচুর মামলায় উপজেলা যুবলীগের সদস্য আব্দুল আজিজ সুমনসহ ছাত্রলীগ ও প্রজন্মলীগের আরও দুই নেতা কারাগারে।

অপর দু’জনের মধ্যে একজন হচ্ছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট আর অন্যজন হচ্ছেন উপজেলা প্রজন্মলীগের আহবায়ক তোফায়েল আহমদ। ওই মামলায় দীর্ঘ ১ বছর ৬ মাস পর আদালতে আত্মসমর্পণ করলে সাজাপ্রাপ্ত ওই তিন নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল হায়দারের আদালতে তারা আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সিরাজ।

জানা গেছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারি বিশ্বনাথ থানায় জব্দকৃত গাড়ি প্রকাশ্যে নিলামের ব্যবস্থা করেন তৎকালীন বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন। ওইদিন গাড়ি নিলামকে কেন্দ্র করে সরকারদলীয় কতিপয় উশৃঙ্খল নেতাকর্মীরা থানার ভিতরে নিলাম পর্যবেক্ষণকারী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের উপস্থিতিতে হট্টগোল ও থানা ভাংচুর করে।

এ ঘটনায় পর দিন ২৭ জানুয়ারি থানার এসআই টিপু সুলতান বাদী হয়ে আ’লীগের সহযোগী সংগঠনের চার নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, (মামলা নং-১৫, মামলার জিআর ১৫/১৪)। দীর্ঘ শুনানি শেষে ২০১৫ সালের ২৪ মে সিলেটের ২য় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসাইন চৌধুরী এজাহার নামীয় পলাতক চার আসামীকে আড়াই বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদানের রায় ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.