Sylhet Today 24 PRINT

অনুমোদনহীন ২টি বৃহৎ বিলবোর্ড অপসারণ করলো সিসিক

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ফেস্টুন অপসারণের পাশাপাশি অনুমোদনবিহীন বৃহদাকার বিলবোর্ড অপসারণ কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে অনুমোদনবিহীন অবৈধ বিলবোর্ড অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান সরেজমিন পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

অভিযানের শুরুতে মহানগরীর সুবিদবাজার পয়েন্টের আলী সেন্টারে স্থাপিত ৯শ স্কয়ার ফুটের এসএআরএম বোর্ডের প্যানাফ্লেক্স জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। অনুমোদনবিহীন এই বিলবোর্ডটি স্থাপন করেছিল ইত্যাদি এড নামীয় একটি বিজ্ঞাপনী সংস্থা।

পরবর্তীতে মহানগরীর সোবহানীঘাটে বাংলালিংক এর ১৮শ স্কয়ার ফুটের বৃহদাকার বিজ্ঞাপনী বোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়। মুভিলিংক নামীয় একটি বিজ্ঞাপনী সংস্থা এই বিলবোর্ডটি স্থাপন করেছিল।

দীর্ঘদিন থেকে সিটি কর্পোরেশন নির্ধারিত কর পরিশোধ না করায় বুধবার প্যানাফ্লেক্স জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে বিলবোর্ডটির অবকাঠামো অপসারণ করা হবে বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখা।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শরিফুজ্জামান জানান,  যারা অনুমোদনবিহীন বিলবোর্ড স্থাপন করেছেন এবং সরকার নির্ধারিত কর পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী ধাপে এসব বিলবোর্ডের অবকাঠামো অপসারণ করা হবে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট মহানগরীর অবৈধ ও অনুমোদনবিহীন বিলবোর্ডের তালিকা প্রণয়ন করা হয়েছে। তার ভিত্তিতে এর আগেও একাধিকবার মহানগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ড অপসারণ করা হয়েছে। সেই ধারবাহিকতায় বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.