Sylhet Today 24 PRINT

হাসপাতালে রক্তের সাথে রাখা হয়েছে ভাত তরকারি আর সবজি

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

হাসপাতালে রক্তের সাথে রাখা হয়েছে ভাত তরকারি আর সবজি। নগরীর বিভিন্ন হাসপাতালে এমন অপিরচ্ছন্নভাবেই সংরক্ষণ করা হয়েছে রক্ত। বুধবার সিলেটের মধুশহীদ এলাকার কয়েকটি ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে এমন অব্যবস্থাপনা ও অপরিচ্ছনতার চিত্র। এসব প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ন রক্ত সংরক্ষণেরও প্রমাণ পায় আদালত।

রক্ত সংরক্ষণে অব্যবস্থাপনা, সময়োত্তীর্ণ লাইসেন্স ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে অভিযানকালে আদালত চারটি প্রতিষ্ঠানে দেড় লক্ষটাকা জরিমানা করেন।

বুধবার দুপুরে সিলেটের মধুশহীদ এলাকায় এসব ক্লিনিক ও হাসপাতালে অভিযানে নামেন আদালত। জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট নুরুল হুদার নেতৃত্বে আদালত রক্তের সাথে ভাত তরকারি রাখার দায়ে আল রাইয়ান হাসপাতাল, মেয়াদোত্তীর্ণ রক্তের সাথে সবজি রাখার দায়ে জালালাবাদ ক্লিনিক এবং অপরিচ্ছন্নতার দায়ে গ্রামীন হাপাতাল ও ট্রাস্ট মেডিকেল সার্ভিসে মোট দেড়লক্ষ টাকা জরিমানা করেন। এর মধ্যে আল রাইয়ান হাসপাতালকে জরিমানা করা হয় একলক্ষ ৫ হাজার টাকা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা বলেন, সিলেটের বেশিরভাগ ক্লিনিকের কোনো লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই চলছে এসব প্রতিষ্ঠান। এছাড়া রক্ত সংরক্ষণের সর্বোচ্চ সময়সীমা ২১ দিন হলেও অনেক হাসপাতালে আরো বেশি সময় রক্ত সংরক্ষণ করা হয়। এছাড়া খুবই অপরিচ্ছন্নভাবে এগুলো সংরক্ষণ করা হয়। যা মানবদেহে প্রবেশ করলে উল্টো ক্ষতির কারণ হবে।

তিনি বলেন,  পর্যায়ক্রমে নগরীর সকল ক্লিনিকে এভাবে অভিযান চালানো হবে।

জরিমানা দেওয়া আল রাইয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম নিজের ভুল স্বীকার করে বলেন, আমি সেবিকাদের ভালোভাবে ব্রিফ করতে পারিনি। তাই তারা অপিরচ্ছন্নভাবে রক্ত সংরক্ষণ করে রেখেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.