Sylhet Today 24 PRINT

সেচ্ছাসেবক দলের বিবৃতিতেই হরতাল, মাঠে নেই নেতা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৫

সিলেটে স্বেচ্ছাসেবক দলের ডাকা হরতালে মাঠে নেই সংগঠনের নেতা কর্মীরা। এ পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দোকান-পাটগুলো রয়েছে খোলা এবং যানবাহন চলাচল ও রয়েছে স্বাভাবিক। 

গত বৃহস্পতিবার সিলেটে স্বেচ্ছাসেবক দলের ‘শান্তিপূর্ণ’ মিছিলে গুলি করে দলীয় নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে এ কর্মসূচির ডাকা হয়।

হরতালের কারণে নগরীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, নগরীর প্রতিটি গুরুত্বপূর্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

নগরীর কোর্ট পয়েন্ট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহর পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, হুমায়ন রশীদ চত্বর, কদমতলী বাসটার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, শুরুর দিকে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকান পাট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে নগরীতে ভারি যানবাহন চলাচল না করলেও রিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচল করছে স্বাভাবিক ভাবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর বারুতখানা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কেন্দ্রীয় সমর্থনে একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। মিছিলটি নগরীর বারুতখানা পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজারের দিকে অগ্রসর হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি পুলিশ ভ্যান আসে। এসময় ভ্যান থেকে নেমেই পুলিশ সদস্যরা গুলি চালাতে শুরু করে বলে দাবি করেছিল দলটি।

দলটির দাবি পুলিশের গুলিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিব, সালাম, জাকারিয়া, এমরান ও ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। 

পরে ওই দিন সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের ব্যক্তিগত ই-মেইল থেকে প্রেরিত বার্তায় শনিবার হরতাল আহবানের তথ্যটি জানিয়েছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.