Sylhet Today 24 PRINT

দিনভর দূর্ভোগের পর পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

দিনভর দূর্ভোগের পর সন্ধ্যায় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়ীদের গ্রেফতারে প্রশাসনের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে সিলেটটুডে টোয়েণ্টিফোর ডটকমকে জানিয়েছেন সিলেট বিভাগ পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

সিলেটে হানিফ পরিবহনে বাসে অগ্নিসংযোগ ও বাস ভাংচৃরের প্রতিবাদে অনির্দিষ্টকালের আন্ত:জেলা পরিবহন ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘটের আহবানে সিলেট থেকে ছেড়ে যায়নি কোন আন্তজেলা বাস, বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাসও। তবে জেলার অভ্যন্তরে অন্যান্য উপজেলাগামী বাসের চলাচল স্বাভাবিক ছিল।

বুধবার রাতে একটি বৈঠক করে হঠাৎ করে ঘোষণা করা দিনব্যাপী চলা এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সিলেট থেকে বিভিন্ন জেলাগামী সাধারণ যাত্রীরা। আর এ ভোগান্তিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় হানিফ পরিবহনের একটি অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এর প্রতিবাদে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ বুধবার রাত এগারোটার দিকে এ ধর্মঘটের ঘোষনা দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.