নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর, ২০১৬
জামায়াত শিবিরের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া প্রগতিশীর রাজনৈতিক কর্মী মুনির তপন জুয়েল স্মরণে নগরীতে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে কবি নজরুল অডিটরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক মোর্চা এই আলোর মিছিলের আয়োজন করে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৮ সালে সিলেটে প্রকাশ্যে রাজপথে প্রগতিশীল রাজনৈতিক কর্মী মুনির ই কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েলকে হত্যার মাধ্যমে সিলেটে জামায়াত-শিবিরের সন্ত্রাসী রাজনীতির উত্থান ঘটে। কিন্তু দুঃখজনকভাবে আজো এই নৃশংস হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের শাস্তি নিশ্চিত করা যায়নি। এই হত্যাকারীদের শাস্তি না হওয়ায়ই পরবর্তীতে সিলেটে একের পর এক খুনের রাজনীতি চালিয়ে যায় জামায়াত-শিবির।
বক্তারা পুনঃ তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের পুণঃবিচার, প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানানো হয়।
আলোর মিছিলের শুরুতে উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন দেবাশীষ দেবু। মিছিল শেষে মৗলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক মোর্চার আহ্বায়ক মিশফাক আহমদ মিশু বক্তব্য রাখেন।
আলোর মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন প্রবীন রাজনীতিবিদ বাদল কর, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদ, জাসদ নেতা কলন্দর আলী, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন, সিকন্দর আলী, সাংবাদিক আল আজাদ, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, সংস্কৃতিকর্মী মুনির হেলাল, এনামুল মুনির, শামসুল বাসিত শেরো, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় শী শেখর, বাংলাদেশ পরিবেশ আন্দোল সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, যুগ্ন সাধারণ সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, সংস্কৃতিকর্মী ইন্দ্রাণী সেন সম্পা, প্রণবকান্তি দেব, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, দেবোজ্যোতি দেবু, চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন, ছাত্র ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক দিপঙ্কর দাশ গুপ্ত প্রমুখ।
এছাড়াও সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই আলোর মিছিলে অংশ নেন।