ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ০৫ এপ্রিল, ২০১৫
ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সারকারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু (১৬) নামের এক নির্মাণ শ্রমিকের মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেঞ্চুগঞ্জ সারকারখানা সংলগ্ন খাসমহল এলাকার বাসিন্দা সে।
এ ঘটনায় সারকারখানায় কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভে কারখানা এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্মাণ শ্রমিক জানান, সারকারখানার অভ্যন্তরে বিদ্যুতের মেইন লাইনের পাশে বৃষ্টির পানি জমে থাকা ছোট নালায় খুন্তি দিয়ে কাজ করতে গেলে সে (সাজু) বিদ্যুৎস্পৃষ্ট হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সারকারখানার অভ্যন্তরে শ্রমিকদের কাজের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। তিনি কর্ম ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভাবে নিশ্চিত করার দাবী জানান।
এদিকে দুর্ঘটনা পর শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়ে সারকারখানার ভেতরের একটি গেটে উত্তেজিত অবস্থায় অবস্থান নেন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ ব্যাপারে শাহজালাল সারকারখানার প্রকল্প পরিচালক কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাোয়া যায় নি।