নিজস্ব প্রতিবেদক | ২৬ সেপ্টেম্বর, ২০১৬
সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেলকে আটক করেছে র্যাব। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিন্দাবাজারস্থ মিতালী মার্কেটের সামনে থেকে তাকে আটক করে র্যাব-৯ এর একটি বিশেষ টিম।
র্যাব সূত্রে জানাগেছে, আটকৃকক রুবেল দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত একটি মামলার এবং সিলেট জেলা আদালতে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভুক্ত আসামী।
র্যাব জানিয়েছে- আশরাফ উদ্দিন রুবেল (৩২) বিশ্বনাথ সাতপাড়া গ্রামের আসব উদ্দিনের ছেলে। সে সিলেট জেলা ছাত্রদলের বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক ও একজন শীর্ষ সন্ত্রাসী। সিলেটের বিভিন্ন এলাকায় ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি-জামায়াত কর্তৃক আহুত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জ্বালাও-পোড়াও, গাড়ী ভাংচুর, গাড়ীতে অগ্নিসংযোগ এবং সড়কপথে চলাচলরত গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে ব্যাপক ত্রাস সৃষ্টি করে।
র্যাব প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বিভিন্ন থানায় রুবেলের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিল।
ছাত্রদল নেতা রুবেলকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।