দেবকল্যাণ ধর বাপন | ২৬ সেপ্টেম্বর, ২০১৬
নীল আকাশে সাদা মেঘ আর বাতাসের সাথে কাশফুলের খেলা, শিউলী ফুলের মন মাতানো গন্ধ- এ সবই আগাম জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আমেজ এখন সর্বত্র। তাই শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাল পাড়ার মৃৎ শিল্পীরা। একই সাথে দেবী দূর্গাকে বরণে বাদ্যের সঙ্গত নির্মাণ ও মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাদ্যযন্ত্র নির্মানকারী শিল্পীরাও।
আগামী ৩০ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা প্রচারিত হবে মর্ত্যলোকে। স্বর্গলোক থেকে সন্তান সন্ততিদের নিয়ে পিতৃভূমিতে শক্তির দেবী দূর্গার আবির্ভাব শারদের অকালবোধন নামে পরিচিত। আর সুদীর্ঘ প্রাচীনকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা দূর্গা পূজার কয়টি দিন পালন করেন বিপুল সমারোহে।
দেশের অন্যান্য স্থানের মতো সিলেট বিভাগেও সনাতন ধর্মাবলম্বীরা অস্থায়ী মণ্ডপে পালন করেন শারদীয় দুর্গোৎসব। আর বিভাগের সবচেয়ে চমকপ্রদ ও বর্ণাঢ্য আয়োজনের জন্য খ্যাত মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও জাগ্রত দূর্গা মন্দির, শ্রীমঙ্গল উপজেলা ও হবিগঞ্জের নানা মণ্ডপ। এছাড়াও সিলেট শহরের দূর্গা পূজারও রয়েছে নান্দনিক আকর্ষণ।
এ বছর সিলেট বিভাগে প্রায় ২৫০০ মণ্ডপে দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সিলেট বিভাগীয় পূজা উদযাপন পরিষদ। সিলেট শহরে ৪৫টি মণ্ডপসহ জেলায় থাকছে ৬০০ দূর্গা মণ্ডপ, যার প্রত্যেকটিতেই চলছে শেষ সময়ের প্রস্তুতি।
এদিকে এত বিপুল সংখ্যক প্রতিমা নির্মাণে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সিলেটের প্রতিমা শিল্পীরা। মাটির প্রতিমায় এখন চলছে রঙ লাগানো ও অঙ্গসজ্জ্বার কাজ।
নগরীর লামাবাজারের প্রতিমা নির্মাণ শিল্পী সাগর পাল জানান, "এ বছর প্রতিমা নির্মাণের কাজ বেশি থাকলেও তুলনামূলক জীবনযাত্রার তুলনায় প্রাপ্য মজুরি আশানুরুপ নয়। এক সেট পূর্ণ প্রতিমা নির্মাণে সাধারণত ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ লক্ষাধিক টাকা পর্যন্ত খরচ হয় বলেও জানান তিনি।"
প্রতিমা নির্মাণ শিল্পীদের মতোই ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন বাদ্যযন্ত্র নির্মাণ শিল্পীরা। দূর্গা পূজায় ঢোল, ঢাক, মৃদঙ্গ সহ নানা বাদ্যযন্ত্রের যেমন থাকে বাড়তি চাহিদা, তেমনি মেরামতের প্রয়োজনেও অনেক বাদ্যযন্ত্রী ভিড় জমাচ্ছেন এসব যন্ত্রের দোকানে।
নগরীর চৌহাট্টার বাদ্যযন্ত্র নির্মাণ শিল্পী পবিত্র ঋষি জানান, "সাধারণ নতুন ঢাক বা ঢোলের দাম পূজার সময় চাহিদার কারণে কিছুটা বেড়ে যায়, এছাড়াও বাদ্যযন্ত্রীরা তাদের পুরাতন বাদ্যযন্ত্র মেরামত করতে আসছেন বেশি। সাধারণত ঢোল বা ঢাকের মেরামতের কাজে ৫শ’ থেকে হাজারখানেক টাকা খরচ হয় বলে জানান তিনি।"
সিলেটে দূর্গা পূজা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। তিনি বলেন, "সিলেটে এবার অন্যান্য বছরের চেয়ে বেশি মণ্ডপে দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে আর সকল প্রস্তুতি সম্পন্নে ও নির্বিঘ্নে পূজা উদযাপনে নেয়া হচ্ছে নানা পূর্ব প্রস্তুতি।"
দূর্গা পূজায় সরকারি ছুটি আরো বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, "অন্যান্য উৎসবে সরকারি ছুটির দিনের তুলনায় পাঁচ দিনের এ প্রাচীন ধর্মীয় উৎসবের জন্য মাত্র ১ দিনের ছুটির বিষয়টি সরকারের উর্ধ্বতন ক্ষেত্রে আবারো বিবেচনায় এনে ছুটি বাড়ানো উচিত।"
এদিকে দূর্গা পূজাকে সামনে রেখে সিলেট বিভাগের সর্বত্রই নেয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নগরীতে প্রতিমা নির্মাণের সময় নিরাপত্তা দিতে ব্যবস্থা করা হয়েছে সার্বক্ষণিক পুলিশ প্রহরার, যা স্বস্তি দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মনে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, "সিলেট নগরীতে আসন্ন দূর্গা পূজাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূজার সময় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে।"