নিজস্ব প্রতিবেদক | ২৬ সেপ্টেম্বর, ২০১৬
সুনামগঞ্জ জেলার দিরাই থানার দিরাই বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারি হাউজে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে র্যাব।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত র্যাবের সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর নেতৃত্বে ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করা, খাদ্য তালিকা না থাকা ও খাদ্যে ভেজাল রঙ মিশ্রণ করার অপরাধে ভোক্তা অধিকার আইনে হৃদয় হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক চন্দন চক্রবর্তীকে ২ হাজার টাকা, নিউ মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক মো. মনফর সরদারকে (৪৫) ৩ হাজার টাকা, রাজ রেস্টুরেন্ট এর মালিক ইমরানকে (৩০) ২ হাজার টাকা, শেরাটন রেস্টুরেন্ট এর মালিক বেলাল আহমদকে (৫০) ৩ হাজার টাকা, রূপসী বাংলা রেস্টুরেন্ট এর মালিক জুয়েল আহমদকে (৩৮) ৩ হাজার টাকা, নিউ গ্রামীণ রেস্টুরেন্ট এর মালিক আমিনুর রহমানকে (৩৩) ৫ হাজার টাকা, পাঁচ ভাই বেকারি হাউজ এর মালিক আশিকুর রহমানকে (৪০) ২০ হাজার টাকা জরিমানাপূর্বক ছেড়ে দেওয়া হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্য তালিকা না থাকা ও খাদ্যে ভেজাল রং মিশ্রণ করে অধিক লাভের আশায় মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।