Sylhet Today 24 PRINT

কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে শতাধিক ঘর বিধ্বস্ত

১৬টি খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ লাইনে বিপর্যয়

কমলগঞ্জ সংবাদদাতা |  ০৫ এপ্রিল, ২০১৫

শনিবার রাতের কাল বৈশাখী ঝড়ে কমলগঞ্জ উপজেলায় ব্যাপকহারে গাছপালা ও প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা ও গ্রামাঞ্চলে ১৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে আঞ্চলিক বিদ্যুৎ সঞ্চালন লাইন লন্ডভন্ড হয়ে পড়ে। কমলগঞ্জের নয়টি ইউনিয়নের গ্রামাঞ্চলে গাছপালা ভেঙ্গে ও প্রায় অর্ধশতাধিক ঘর বিধ্বস্তসহ আংশিক প্রায় তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। শনিবার রাত ৮টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ে ইসলামপুরে ৩৫টি, আদমপুরে ১২টি, আলীনগরে ৮টি, শমশেরনগর বাঘিছড়া চা বাগানসহ ২৫টি, পতনউষারে ১০টি, মুন্সীবাজারসহ বিভিন্ন ইউনিয়ন মিলিয়ে প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়াও আংশিক প্রায় তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত পরিবারের মধ্যে দরিদ্র লোকজনই অধিক পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি(পবিস) কমলগঞ্জ জোনাল কার্যালয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার বেশ কয়েকটি স্থানে ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইনের ১৬টি খুটি ভেঙ্গে ও তার ছিড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। কিছু কিছু বৈদ্যুতিক খুঁটির ও যন্ত্রাংশের ক্ষতি সাধন হয়। ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইনছাড়াও আঞ্চরিক সঞ্চালিত বিদ্যুৎ লাইনের (ফিডারের) উপর গাছ ভেঙ্গে পড়ে তার ছিড়ে গেছে। ফলে রাত আটটার পর থেকে রবিবার বেলা দেড়টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিহিন হয়ে পড়ে।

পবিস কমলগঞ্জ জোনাল কার্যালয়ের প্রকৌশলী হাবিবুর রহমান কার বৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতির সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার ভোর থেকে বিদ্যুৎকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুর প্রকৃত ক্ষতির পরিমাণ নিরুপণ করে মেরামত কাজ করে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কালবৈশাখী ঝড়ে ক্ষতির সত্যতা স্বীকার করে বলেন, রবিবার সকাল থেকে ইসলামপুর, আদমপুরসহ ক্ষতিগ্রস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রকৃত তালিকা সংগ্রহ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.