নিজস্ব প্রতিবেদক | ০৫ এপ্রিল, ২০১৫
কুলাউড়ায় আছিরুন বেগম (৩৮) নামে এক নারীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর বস্তি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত নারীর শ্বশুর, শাশুড়ি ও ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আছিরুন বেগম কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর এলাকার আনছার আলীর স্ত্রী। আটক ব্যক্তিরা হলেন- আছিরুনের শ্বশুর উছমান আলী (৮৫),শাশুড়ি হাছনা বেগম (৫৫) ও ননদ রিমা বেগম (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গাজীপুর গ্রামের আনছার আলীর বাড়ির পেছনে আছিরুনের বস্তাবন্দি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বামী আনছার আলীসহ বাড়ির লোকজন তাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখেন। এ ঘটনার পর থেকে আনছার আলী পালাতক রয়েছেন।
তিনি আরো বলেন- ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।