Sylhet Today 24 PRINT

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট বাতিল, যাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৫

গ্রাউন্ড সার্ভিস জটিলতার কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক ফ্লাইট বাতিল করে দিয়েছে ‘ফ্লাই দুবাই’। ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। সোমবার দুপুরে আটকা পড়া যাত্রীরা ওসমানী বিমানবন্দরে বিক্ষোভ করেছেন। তারা ওসমানী বিমাবন্দর থেকে সরাসরি ফ্লাইটে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়ার দাবি জানিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১ এপ্রিল ফ্লাই দুবাই’র একটি এয়ারবাস ওসমানী বিবানবন্দরে অবতরণ করে। রিফুয়েলিং শেষে আবার যাত্রী নিয়ে এয়ারবাসটি দুবাইর উদ্দেশ্যে ছেড়ে যায়। এটাই ছিল ওসমানী থেকে বিদেশী বিমানের সরাসরি ফ্লাইট। 

উদ্বোধনী দিনে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছিল, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার ছাড়া ওসমানী থেকে তারা ৫ দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাই দুবাইর ফ্লাইট চালুর পর গত কয়েকদিনে চলতি এপ্রিল মাসের সবক’টি ফ্লাইটের আসন বুকড্ হয়ে যায়। 
কিন্তু রহস্যজনক কারণে উদ্বোধনী ফ্লাইটের পর ওসমানীতে আর নামেনি ‘ফ্লাই দুবাই’। যাত্রীদের সিলেট থেকে কানেকটিং ফ্লাইট ও বাসে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সোমবার দুবাইগামী যাত্রীরা সকাল ১১টায় ওসমানী বিমানবন্দরে যান। বিমানবন্দরের ভেতরে ফ্লাই দুবাইর কোন কর্মকর্তাদের না পেয়ে তারা এয়ারলাইন্সটির সিলেটস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু কিভাবে সিলেট থেকে যাত্রীরা দুবাই যাবেন এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। এরপরই যাত্রীরা ওসমানী বিমানবন্দরে বিক্ষোভ শুরু করেন। তারা বিমানবন্দরের কনকোর্স হলের বাইরে বিক্ষোভ মিছিল করেন। 
একজন দুবাই যাত্রী বলেন, আগামীকাল বুধবারের মধ্যে দুবাই যেতে না পারলে তিনি ভিসা সংক্রান্ত জটিলতায় পড়বেন। ফ্লাই দুবাইর ফ্লাইট বাতিল হওয়ায় তিনি মহাবিপদে পড়েছেন।

ফ্লাই দুবাই সিলেট অফিসের ম্যানেজার মাসুম মিয়া গণমাধ্যমকে বলেন, দু’দিন আগে আজকের নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। যারা টিকেট বাতিল করতে চাইবে তাদের টাকা ফেরত দেয়া হবে। আর যারা নিজ দায়িত্বে ঢাকা বা চট্টগ্রাম আসতে পারবে তাদেরকে সেখান থেকে ফ্লাইট দেয়া হবে। ওসমানী থেকে কেন সরাসরি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে তার কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.