Sylhet Today 24 PRINT

‘যথাস্থানে’ বর্জ্য ফেলতে সিসিকের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক |  ০১ অক্টোবর, ২০১৬

নগরীতে শনিবার (১ অক্টোবর) সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা ময়লা অপসারণ করতে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।

পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছোট ছোট ২শ' নতুন ডাস্টবিন স্থাপন করেছে। এগুলোর যথাযথ ব্যাবহার নিশ্চিত করে আরও কিছু ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে সিসিকের। চলতি মাসের মধ্যেই এ ডাস্টবিনগুলো স্থাপনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। বিভিন্ন রঙের ডাস্টবিনগুলোতে সিসিকের একটি আহ্বানও জুড়ে দেওয়া হয়েছে। আহ্বানে বলা হয়েছে "আপনার শহর পরিষ্কার রাখুন।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে খানিক দূরে দূরেই ডাস্টবিনগুলো স্থাপন করা হয়েছে।

সিলেট সিটি-কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান সিলেটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন,“চলতি পথে মানুষ দৈনন্দিন যে ময়লাগুলো যেখানে সেখানে ফেলেন, সেটা না করে ময়লাগুলো যাতে নির্দিষ্ট স্থানে ফেলেন, সেজন্য ডাস্টবিনগুলো স্থাপন করা হয়েছে।”

এ বিষয়ে তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্যে আজকে আমাদের এই উদ্যোগ। আমাদের এই প্রচার প্রচারণা অব্যাহত থাকবে। এ বিষয়ে আরও চিন্তাভাবনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

যেখানে-সেখানে আবর্জনা না ফেলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিটি কর্পোরেশনের কোনও পরিকল্পনা রয়েছে কি না’ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রথমে গণমাধ্যমের সহযোগিতা চাই। পাশাপাশি আমরাও বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাবো।

সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে বিভিন্ন মহল স্বাগত জানালেও ডাস্টবিনগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ এবং এর ব্যবহার নিশ্চিত করাটা এক ধরনের চ্যালেঞ্জ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা রোধে নাগরিকদের সচেতন করে তোলতে হবে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনসচেতনতা বাড়লেই এ উদ্যোগ সফল হবে এবং নগরীর রাস্তাগুলো পরিচ্ছন্ন থাকবে’ বলে মন্তব্য করেন মোঃ হানিফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.