Sylhet Today 24 PRINT

আমার সময়ে মাত্র দু’জন মানুষ মারা গিয়েছিলো- নুর হোসেন আর মিলন

সিলেটে এরশাদ

নিজস্ব প্রতিবেদক |  ০১ অক্টোবর, ২০১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি ক্ষমতায় থাকতে মাত্র দু’জন মানুষ মারা গিয়েছিলো- নুর হোসেন আর মিলন। অথচ এখন হিসাব ছাড়া মানুষ প্রতিদিন মারা যায়। খবরের কাগজ খুললেই খুন, ধর্ষন, ডাকাতি রাহাজানি। এসবের বিচার হয় কি না আমি জানি না।

তিনি বলেন, দেশে হিংসার রাজনীতি চলছে। মানুষ এখন পরিবর্তন চায়। দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টিকেই ক্ষমতায় আসতে হবে।

শনিবার বিকেলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ একথাগুলো বলেন। নগরীর রেজিস্ট্রি মাঠে আয়োজিত জনসভায় এরশাদ বলেন, দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেই এবার সিলেট এসেছি।

জাপা চেয়ারম্যান বলেন, বৃহত্তর সিলেটের সকল উন্নয়ন আমি করেছি। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর,  মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুরমা নদীর উপর শাহজালাল সেতু করেছি, সিলেটের একটি জেলাকে চারটি জেলায় উন্নীত করেছি। আমার সময়ে সিলেটে হাইকোর্টের বেঞ্চ চালু করেছিলাম। পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ক্ষমতায় গেলে আবার তা চালু হবে।

তিনি বলেন, আমার সময়ে একজন এসিড ছুঁড়েছিলো। তাকে ফাঁসি দিয়েছিলাম। এখন এসিড মারার কারণে কারো শাস্তি হয় না। এবার ঈদে সড়ক দুর্ঘটনায় মারা গেলো ১৬৫ জন মানুষ। ঈদে মানুষ এখন লাশ হয়ে বাড়ি যায়। এক কোটি নব্বই লাখ ভুয়া লাইন্সেস দিয়ে চালক করা হয়েছে। এদের কারণেই এসব প্রাণহানি হয়।

তিনি বলেন, এখন কে কখন গুম হয়ে যাই তার ঠিক নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করলেও কোনো খোঁজ দিতে পারে না। তাহলে খোঁজ দিবে কে?

এরশাদ বলেন, ক্ষমতায় গেলে আমি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবো। সিলেট হবে জালালাবাদ প্রদেশের রাজধানী।

জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রহুল আমিন হাওলাদার, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও হুইপ সেলিম উদ্দিন, সংসদ সদস্য ইয়াইহয়া চৌধুরী এহিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.