Sylhet Today 24 PRINT

ঢাকায় জাতীয় নাট্যোৎসবে সিলেটের ‘সুখলাল’ আজ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৬

দেশের অবহেলিত জনগোষ্ঠী, দেশের উন্নয়নে অবদানের অংশীদার চা-শ্রমিকদের জীবন-জীবিকা তাদের সংগ্রাম, ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা নিয়ে আজ ৫ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা শিল্পকলা একাডেমী এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে সিলেটের অন্যতম নাট্যদল নাট্যমঞ্চ সিলেটের প্রযোজনায় নাটক ‘সুখের খুঁজে সুখলাল’।

নাটকটি চা শ্রমিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির উপর। নাটকটি রচনা করেছেন সিলেটের স্বনামধন্য নাট্যকার বিদ্যুৎ কর ও নির্দেশনা দিয়েছেন রজত কান্তি গুপ্ত।



‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ এই শ্লোগানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় নাট্যোৎসব ২০১৬ তে সিলেটের একমাত্র দল হিসেবে নাট্যমঞ্চ সিলেট আজ ‘সুখলাল’ নাটক মঞ্চস্থ করবে। উৎসবে সারাদেশের ৫৮টি নাট্যদল অংশ নিচ্ছে।

গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসব শেষ হবে ১১ অক্টোবর ২০১৬। নাট্যমঞ্চ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে ঢাকায় অবস্থানরত সকল নাট্যমোদী দর্শককে নাটক দেখার আমন্ত্রণ জানিয়েছেন এবং সিলেটের সকল নাট্য, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.