নিজস্ব প্রতিবেদক | ০৫ অক্টোবর, ২০১৬
অবশেষে ভেঙে ফেলা হয়েছে সিলেটে সুরমা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ শৌচাগারটি। পরিবেশবাদী সংগঠন ও জনগণের দাবির মুখে এটি ভেঙে ফেলার উদ্যোগ নেয় প্রশাসন।
বুধবার (৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে শৌচাগারটি ভাঙার কাজ শুরু হয়।
সিলেট শহরে সুরমা নদীর তীর দখল করে কাজীরবাজার মৎস্য আড়তদাররা নির্মাণ করেন এই বিলাসী শৌচাগার। গত জুন মাসে এই শৌচাগারটি নিয়ে সংবাদ মাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর গত ২২ জুন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এটি সরেজমিনে পরিদর্শন করেন। এরপর সিসিকের প্রকৌশলীর দপ্তর থেকে শৌচাগার উচ্ছেদে আড়তদার সমিতিকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে বলা হয়, এই শৌচাগার নির্মাণ অবৈধ।
নোটিশ পেয়ে মৎস্য আড়তদার সমিতি দুই সপ্তাহ সময় চায়। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও শৌচাগার উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরমধ্যে শৌচাগারটি উচ্ছেদের দাবিতে গত ২৫ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখা ও সুরমা রিভার ওয়াটারকিপার।
এসব দাবির প্রেক্ষিতে বুধবার সুরমা নদীর তীর দখল করে গড়ে ওঠা বিলাসী শৌচাগারটি ভাঙে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।