Sylhet Today 24 PRINT

কোমল পানীয় ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে চাপাতি কিনে আনি, আদালতে বদরুল

নিজস্ব প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০১৬

প্রেমের সম্পর্ক রাখতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে খাদিজাকে এলোপাথাড়ি কোপায় বখাটে বদরুল। আদালতে দেয়া জবানবন্দিতে এমনটিই দাবি করেছে সে। আদালতসূত্র সিলেটটুডে ডটকমকে এ তথ্য জানায়।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম শারাবান তহুরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল।

জবানবন্দিতে বদরুল জানায়, তার (খাদিজার) সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। সে প্রতিজ্ঞা করেছিল অন্য কারো সাথে প্রেমের সম্পর্ক রাখবে না। সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমাকে এড়িয়ে যেতে থাকে।

হামলাকারী বদরুল আরো জানায়, ঘটনার দিন সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিতে আসে খাদিজা। আমি জানতাম সেদিন তার পরীক্ষা আছে। তাই সকাল ১০ টার সময় আমি এমসি কলেজ ক্যাম্পাসে চলে আসি। দুপুর ১২ টার দিকে সে ক্যাম্পাসে আসে। তার সাথে দেখা হলে আমি অনেক অনুনয় করি, যাতে সে আমায় বিয়ে না করলেও আমার সাথে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখে।

বদরুল জানায়, খাদিজা পরীক্ষার হলে ঢুকে গেলে আমি কলেজের দপ্তরীর মাধ্যমে ১ ক্যান কোমল পানীয় তার জন্যে পাঠাই। সে এটি নিতে অস্বীকৃতি জানায় ও তা ফিরিয়ে দেয়। এতে আমি রাগে ক্ষিপ্ত হই। ক্ষিপ্ত হয়ে আমি আম্বরখানা যাই। সেখান থেকে একটি মাংস কাটার চাপাতি কিনে আনি।

সে জানায়, পরীক্ষা শেষে বেরিয়ে এলে খাদিজার সাথে আবার আমার কথা হয়। তার কথাবার্তার পুরোটাই ছিল নেতিবাচক। তখন আমি আবারো প্রেম ভেঙে না দেয়ার জন্য তাকে অনুরোধ করি। সে তাতে সায় না দেওয়ায় রাগে-ক্ষোভে আমি তাকে চাপাতি দিয়ে তার হাতে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কোপাতে থাকি।

বদরুল জবানবন্দিতে দাবি করে, আমি সম্পূর্ণ সচেতনভাবে নিজ বুদ্ধিতে এটি করেছি। এক পর্যায়ে আমি পালাতে চেষ্টা করলে পুলিশ আমাকে গ্রেপ্তার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) বিকেলে খাদিজা আক্তার নার্গিস নামের এক কলেজছাত্রীকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে বদরুল আলম।

বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিল। তবে ছাত্রলীগ তার পদ খারিজের দাবি করে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়। কলেজছাত্রীকে হত্যাচেষ্টার কারণে শাবি থেকেও তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.