Sylhet Today 24 PRINT

কোম্পানিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষ : ডাকাত সর্দার রফিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৬

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে ডাকাত-পুলিশের সংঘর্ষকালে ডাকাতদের হামলায় ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের পর দুর্ধর্ষ ডাকাত সর্দার রফিক মিয়াকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

রফিক মিয়া উপজেলার নয়া গাঙ্গের পারের কালাই মিয়ার পুত্র।

সিলেট জেলা পুলিশের এএসপি সুজ্ঞান চাকমা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ এই ডাকাত দলকে ধাওয়া করলে সংঘর্ষ বাধে, এতে কোম্পানিগঞ্জ থানার ওসিসহ ৫ জন আহত হন। ডাকাত দলের অন্যরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার রফিককে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।"

তিনি বলেন, "গ্রেপ্তারকৃত রফিকের বিরুদ্ধে ৭টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।"

বেহাল যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি স্থানে কয়েকমাস থেকেই ডাকাতির ঘটনা ঘটছিল।

আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই সেতুর কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদলের হামলা ঠেকাতে পুলিশ ৪০টি ফাঁকা গুলি ছোড়ে।

অপর আহত পুলিশ সদস্যরা হলেন: কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, রাশেদুল ইসলাম খান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন। তাঁরা ডাকাতদের বিক্ষিপ্তভাবে ছোড়া পাথরের আঘাতে আহত হন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.