চুনারুঘাট প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০১৬
হবিগঞ্জের চুনারুঘাটে দুলাল তাতী নামে এক চা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পরেশ তাতী নামে এক চা শ্রমিককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে চুনারুঘাটের নালুয়া চা বাগানে। নিহত দুলাল নালুয়া চা বাগানের পচামারা লেনের নারায়ন তাতীর ছেলে।
জানা যায়, বুধবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন নালুয়া চা বাগানে দুলালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দুলালের মরদেহ উদ্ধার করে।
দুলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। নিহত দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, দুলালের বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।