Sylhet Today 24 PRINT

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সিলেটে শুক্রবার বিভাগীয় সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আগামী শুক্রবার (১৪ আক্টোবর) বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটির সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেট জেলা শাখার এক প্রস্তুতি সভা বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তালতলাস্থ গণতন্ত্রী পার্টির অফিসে অনুষ্ঠিত হয়।

জাতীয় কমিটি সিলেট জেলার সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন এর পরিচালনায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ, লন সাম্যবাদী দল সিলেট জেলার নেতা ব্রজ গোপাল চৌধুরী, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী , জেলা সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, সুশান্ত সিনহা সুমন, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সদস্য ইন্দ্রানী সেন , বাসদ সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার প্রচার সম্পাদক আজিজুর রহমান খোকন, মৌলভীবাজার বাসদ নেতা মাসুদ রানা প্রমূখ।

সভায় বক্তরা বলেন , ইউনেস্কো বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সম্প্রতি সরকারকে দেখিয়েছে, রামপাল বিদ্যুত কেন্দ্র হলে সুন্দরবন কীভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা রামপাল বিদ্যুৎকেন্দ্র সহ সুন্দরবনের জন্য হুমকিস্বরূপ সব বাণিজ্যিক তৎপরতা বন্ধ করতে বলেছে। ইউনেস্কো টিম যখন বাংলাদেশ সফর করে তখন তাদের পরিকল্পনা ছিলো, দুইপক্ষের কথাই তারা শুনবে। কিন্তু সরকার নানা বাহানা সৃষ্টি করে আমাদের সাথে কোনো সভা করবার সময় রাখেনি। তারপরও তারা স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করে যথাযথ সিদ্ধান্তে এসেছে। কোম্পানি, ভূমিগ্রাসী ও বনগ্রাসী গোষ্ঠী দ্বারা পরিচালিত না হলে, নির্মোহ বিচার বিশ্লেষণ করলে সরকারও যে একই সিদ্ধান্তে আসবে সেটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি।

তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র সহ সুন্দরবনের জন্য হুমকিস্বরূপ সব বাণিজ্যিক তৎপরতা বন্ধ করতে আগামী শুক্রবার (১৪ আক্টোবর) বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটির সিলেট বিভাগীয় সমাবেশে উপস্থিত থাকার জন্য সবার প্রতি সভা থেকে আহব্বান জানানো হয় ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.