Sylhet Today 24 PRINT

এরা প্রেমিক নয়, বদমাশ : বদরুল সম্পর্কে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০১৬

কেউ কাউকে যদি সত্যিই ভালোবাসে তাহলে সে যেখানেই যাক তার ভালো চাওয়ার কথা। তাকে না পেলেই হত্যা করতে হবে এটা তো ভালোবাসা না। এসব যারা করে এরা বদমাশ-দুশ্চরিত্র- লম্পট- চোর।

এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ,  জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, এসব বদমাশদের সবাই মিলে প্রতিহত করতে হবে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে কোন ছেলেরাই এমন বিপথগামী না হয় আর মেয়েদের সাথে এমন বদমায়েশি আচরন না করে।

মন্ত্রী বলেন, গত কিছুদিন আগে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা পরীক্ষা দিতে গিয়েছিল সিলেট এমসি কলেজে। সেখানে তাকে কথিত প্রেমিক এমনভাবে কুপিয়েছে যে তার বাঁচা-মরা নিয়ে সংশয় ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের গিয়ে যদু একটি ছাত্রী নিরাপদ থাকতে না পারে তবে সে লেখাপড়া চালাবে কি করে। কয়েকদিন আগে ঢাকার দি উইলস লিটিল ফ্লাওয়ার স্কুলে রিশা নামের একটি মেয়েকে একটি দর্জি দোকানদার প্রেম নিবেদন করে এবং ব্যর্থ হয়ে এ ধরনের ঘটনা ঘটায়।

এই অনুষ্ঠানে শিক্ষাসচিব সোহরাব হোসাইনসহ প্রশাসনের উচ্চপদস্ত কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেলে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে বদরুল আলম নামের এক শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার মধ্যরাতেই  ঢাকায় প্রেরণ করা হয়।

এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। খাদিজার চাচা বাদি হয়ে বদরুলের বিরুদ্ধে মামলা করেন। বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.