সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা ছাত্রছাত্রীদের সংগঠন "প্রাধিকার" এর উদ্যোগে গত দুই দিনে নগরীতে দুইটি ভুবন চিল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টায় 'বাংলাদেশ পরিবেশ আন্দোলন' সিলেট শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল করিম কিম, প্রাধিকার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরীকে ফোন দিয়ে নগরীর খাসদবির এলাকায় একটি আহত ভুবন চিলের সন্ধান দেন। এরপর প্রাধিকার সভাপতির মাধ্যমে জানতে পেরে সেই ভুবন চিলটি উদ্ধারের জন্য যান প্রাধিকারের পাবলিক রিলেশন সেক্রেটারি মোঃ আনিসুর রহমান, এবং নির্বাহী সদস্য সায়েদ আরিফ।
সেখানে তারা খাসদবির এলাকার বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব কবির খান এর বাসা থেকে বাদামী রঙ এর ভুবন চিলটিকে নিয়ে আসেন। কবির খান এর বড় ভাই জনাব তাহের খান বলেন চিলটি উনাদের বাসায় গত রমজান মাস থেকেই আছে। উনারা চিলটিকে একটি ড্রেন থেকে আহত অবস্থায় বাসায় এনেছিলেন। এরপর থেকে নিয়মিত খাবার-পানি দিয়ে এবং সেবার মাধ্যমে চিলটি প্রায় সুস্থ হয়ে উঠে। কিন্তু বিগত কিছুদিন ধরে বন-বিড়ালের উৎপাতের কারনে উড়তে না পারা চিলটির বাসায় থাকা অসম্ভব হয়ে পড়েছে, এজন্য উনারা চিলটিকে হস্তান্তর করেছেন।
অপরদিকে গত বৃহস্পতিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের শিক্ষক জনাব ডঃ মাহফুজুর রহমান রাস্তার পাশে একটি অসুস্থ ভুবন চিল দেখতে পান এবং তিনি সেটিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকে নিয়ে আসেন। পরে প্রাধিকার কে জানানো হলে প্রাধিকার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, প্রাধিকার রেস্কিউ উইং এর সেক্রেটারি আনসার উদ্দিন, নূরনবী নিশাদ এবং সাধারণ সদস্য আনোয়ারুল ইসলাম খোকন এর উপস্থিতিতে সেই চিলটিকে সেবা দেয়া হয়।
শুক্রবার বিকেল ৩ টায় দুইটি চিলকেই আরো ভাল পর্যবেক্ষণ এবং সেবা দানের উদ্দেশ্যে হস্তান্তর করা হয়েছে নগরীর দাড়িয়াপারাস্থ 'আলীজা প্রানী সেবা আশ্রম'-এ। এই সময় সেখানে উপস্থিত ছিলেন 'ভূমিসন্তান বাংলাদেশ' এর সভাপতি জনাব আশরাফুল কবির, দৈনিক প্রথম আলোর সিলেট বিভাগীয় প্রতিনিধি জনাব আনিস মাহমুদ, প্রাধিকার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, প্রাধিকার পাবলিক রিলেশন সেক্রেটারি আনিসুর রহমান, সায়েদ আরিফ সহ আরো অনেকেই।