Sylhet Today 24 PRINT

একই নম্বর থেকেই জাফর ইকবাল, আনু মুহাম্মদ ও মইনুল আহসান সাবেরকে হুমকি

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০১৬

যে মোবাইল ফোন নাম্বার থেকে অধ্যাপক আনু মুহাম্মদ ও লেখক মইনুল আহসান সাবেরকে হুমকি দেওয়া হয়েছিলো সেই একই নাম্বার থেকে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককেও হুমকি দেওয়া হয়।

এরমধ্যে আনু মুহাম্মদ, জাফর ইকবাল ও ইয়াসমিন হককে বুধবার এবং মইনুল আহসান সাবেরকে বৃহস্পতিবার হত্যার হুমকি দেওয়া হয়।

মোরশেদ শফিউল হাসান নামের একজন লেখককেও একই নাম্বার থেকে বুধবার হত্যার হুমকি দেওয়া হয় বলে তিনি ফেসবুকে জানিয়েছেন। Do you wish to lose your top from neck? If don't so, turn on the way to Islam.... ইংরেজিতে একথাগুলো লিখে তাঁকে হুমকি দেওয়া হয় বলে জানান মোরশেদ।

আরও পড়ুন- হুমকিদাতা এই হক, সেই আবদুল হক!

একই নাম্বার থেকে হুমকি দেওয়া হলেও হুমকিদাতা আনু মুহাম্মদকে হুমকি দেওয়ার সময় নিজেকে 'আনসারুল্লাহ', মইনুল আহসান সাবেরকে হুমকি দেওয়ার সময় 'আইএস' এবং অধ্যাপক জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হককে হুমকি দেওয়ার সময় নিজেকে 'আনসারুল্লাহ বাংলা টিম' হিসেবে পরিচয় দেয়।

আরও পড়ুন- ৫৩ বিশিষ্ট জনকে হুমকি প্রদান করে আবদুল হক, রিমান্ডে স্বীকার

আনু মুহাম্মদকে হুমকি দেওয়ার সময়ে হুমকিদাতা লিখে, Death keeps no calendar, and Ansatullah knows no time! এবং পরের দিন থানায় জিডি করার সময়ে রাত পৌনে নয়টার দিকে তাঁকে আবারও হুমকি দেওয়ার সময়ে হুমকিদাতা লিখে, Say 'yes' to Rampal, otherwise you must will be hacked to death incredibly by us!

এদিকে, হুমকি পেয়ে শুক্রবার বিকেলে সিলেটের জালালাবাদ থানায় জিডি করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এর আগে আনু মুহাম্মদ ও মোরশেদ শফিউল হাসানও থানায় জিডি করেছেন।

এতে মুহম্মদ জাফর ইকবাল উল্লেখ করেন, গত ১২ অক্টোবর স্ত্রী সহ ঢাকাস্থ বনানী ডিএইচএস এ অবস্থান করছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক। ঐদিন রাত সোয়া ১২টায় ইয়াসমিন হকের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। সেখানে লেখা ছিল, welcome to our new top list! your breath may stop at anytime. abt. একই তারিখ রাত ২টা ৩০ মিনিটে জাফর ইকবালের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। তাতে লেখা hi unbeliever! we will strangulate you soon.

০১৬২৯৯৬৭৫৫১ মোবাইল ফোন নাম্বার থেকে এই হুমকি আসে বলে জিডিতে উল্লেখ করেন জাফর ইকবাল।

আরও পড়ুন - ১৫৩ ব্যক্তিকে হুমকি : আবদুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র

এরআগে একই নাম্বার থেকে হুমকি আসার কথা উল্লেখ করে রাজধানীর রামপুরা থানায় জিডি করেন অধ্যাপক আনু মুহাম্মদ।

আর বৃহস্পতিবার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে লেখক মইনুল আহসান সাবের জানান, তাকেও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে।

সাবের লিখেন, আনু মুহাম্মদকে যে নাম্বার থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই একই নাম্বার থেকে আজ সন্ধ্যায় আমার কাছে বার্তা এসেছে, Welcome to our new top list. You will be killed today or tomorrow! -- ISIS আইসিসের কাছে এতটা মূল্যবান হয়ে ওঠার কারণ বুঝতে পারছি না।'

একই নাম্বার থেকে হুমকি দেওয়া হলেও হুমকিদাতা একেকজনের কাছে একেক পরিচয় ব্যবহার করছে।

হুমকির ব্যাপারে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল যে থানায় জিডি করেছেন সেই জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, জাফর ইকবালের নিরাপত্তায় আগে থেকেই পুলিশ মোতায়েন করা ছিলো। ফের হুমকির কারণে তাঁর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.