Sylhet Today 24 PRINT

লন্ডনি কনে বিয়ে করছেন স্ট্রাইকার ওয়াহেদ

নিউজ ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তুখোড় স্ট্রাইকার ‘সিলেটি’ কৃতি সন্তান ওয়াহেদ আহমেদ লন্ডনি কনের সাথে বিয়ের পিঁড়িতে বসছেন। আগামীকাল বুধবার সিলেট নগরীর সানরাইজ কমিউনিটি সেন্টারে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

লন্ডনি কন্যা শাহনাজ আহমেদ এর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ওয়াহেদের বিয়েতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবল তারকারা উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, ওয়াহেদ ও শাহনাজের বিয়ে পারিবারিকভাবে হচ্ছে। তারা দু’জনের মধ্যেই আগে থেকে জানা-শোনা ছিল। দ‘জনের প্রথম পরিচয় ফেসবুকে। এরপর শাহনাজ দেশে আসলে দু’জনের মধ্যে প্রথম দেখা হয় এবং ধীরে ধীরে গভীর বন্ধুত্ব এরপর সেটা রূপ নেয় ভালবাসায়। এরপরই দু’জন সিদ্ধান্ত নেন ঘর বাধার। প্রথম  প্রায় দেড় বছর পর ফুটবলার ওয়াহেদ আহমেদ লন্ডনি কন্যা শাহনাজ আহমেদ প্রিয়াকে ঘরে তুলতে যাচ্ছেন।

ফুটবলার ওয়াহেদ সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডের গোলাপবাগ এলাকার বাসিন্দা। প্রিয়ার জন্ম লন্ডনে হলেও তার গ্রামের বাড়ি সিলেটের তাজপুরে। গত বছরের জুনে লন্ডন থেকে সিলেটে আসেন। প্রায় ছয় মাস পূর্বে পারিবারিক উদ্যোগে সম্পন্ন হয় আংটি বদল। পরবর্তীতে আবার লন্ডনে ফিরে যান প্রিয়া ।

গত ২৬ মার্চ লন্ডন থেকে ওয়াহেদকে জীবনসঙ্গী করতে সিলেটে আসেন শাহনাজ আহমেদ প্রিয়া। তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়  থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশুনা শেষ করেছেন।

প্রিয়ার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাওয়া বাংলাদশে জাতীয় দলের স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ মঙ্গলবার রাতে বাংলামেইলকে বলেন, ‘নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থী সুন্দর জীবনের জন্য।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.