Sylhet Today 24 PRINT

ছাতকে সড়ক দুর্ঘটনায় দোকান কর্মচারী নিহত, চালকসহ গাড়ি আটক

ছাতক প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৬

ছাতকে সড়ক দুর্ঘটনায় আক্কাছ আলী(১৪) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে। শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের কৈতক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আক্কাছ আলী দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসামপুর গ্রামের কিতাব আলীর পুত্র ও ছাতকের কৈতক পয়েন্টস্থ আফরোজ মিয়া মালিকানাধীন বুশরা ভেরাইটিজ ষ্টোরের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার খেতে আক্কাছ আলী দোকান থেকে বেরিয়ে সিলেট-সুনামগঞ্জ প্রধান সড়কে উঠে। সড়ক পারাপারের সময় সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো-১৩-০৬০৭) তাকে ধাক্কা দিলে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আক্কাছ আলীকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে চালকসহ ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ জাউয়া তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর এস আই শফিকুল আলম চালক ও দূর্ঘটনাকবলিত গাড়িটি নিজ হেফাজতে নিয়ে যান। ঘাতক চালক জাহাঙ্গির আলম গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের চেরাগ আলীর পুত্র। শনিবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.