Sylhet Today 24 PRINT

ছাতকে কলেজ ছাত্র হত্যার ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ২

ছাতক প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৬

ছাতকে সহপাঠির ছুরিকাঘাতে কলেজ ছাত্র আল-আমিন নিহত হওয়ার ঘটনায় ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আনফর আলী ওরফে কাঁচা মিয়া বাদী হয়ে আক্কাছ আলীসহ ৩ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা (নং-২১) দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীরা হলো, চরমহল্লা ইউনিয়নের মুজরাই গ্রামের আরজক আলীর পুত্র ও জাউয়া ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র আজিজুল ইসলাম এবং জাউয়া ইউনিয়নের লক্ষমসোম গ্রামের আব্দুল হাসিমের পুত্র ও একই কলেজের ২য় বর্ষের ছাত্র সাইদুল হক।

সোমবার রাত ১০ টায় সিংচাপইড় ইউনিয়নে জিয়াপুর বাজারে অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেপ্তার করেন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম এবং এসআই কামরুল হোসাইন। মামলার অন্য আসামী আজিজুল ইসলাম পলাতক রয়েছে। সোমবার নারী ঘটিত বিষয় নিয়ে সহপাঠী আক্কাছ আলীর ছুরিকাঘাতে নিহত হয় দোয়ারা-বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের কাঁচা মিয়ার পুত্র ও জাউয়া ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র আল-আমিন।

এ ঘটনায় কৈতক পয়েন্ট থেকে জনতা আক্কাছ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় আহত হয় আল-আমিনের ৩ সহপাঠী দিলাল আহমদ (১৮), জুনেল আহমদ (১৮) ও নাজমুল ইসলাম(১৮)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত দিলাল আহমদ (১৮) ও জুনেল আহমদ (১৮)’র মধ্যে দিলাল আহমদের অবস্থা আশংকাজনক বলে তার পরিবার সুত্রে জানা গেছে আহত নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) আসেক সুজা মামুন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। উল্লেখিত তিন আসামির মধ্যে দুই আসামিকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। পলাতক আজিজুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আটক নাজমুলকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হবে।

এদিকে আল-আমিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল ১১ ঘটিকার সময় জাউয়া বাজারে, জাউয়া বাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন, জাউয়া বাজার ডিগ্রী কলেজের ছাত্রলীগ সভাপতি রুম্মান খান।

এদিকে জাউয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার জানান, ঘটনাকারী কলেজ ছাত্র আক্কাছকে কলেজ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় কলেজ সম্মুখে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীর উদ্যোগে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হবে। এদিকে ময়না তদন্ত শেষে সকাল ১০ টায় নিহত আল-আমীনের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.