Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

বানিয়াচং প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৬

বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক প্রবাসী ও তার ভাই।

গুরুতর আহত অবস্থায় সাইদুর (৪০) ও আনুরা বেগম (৩০ কে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বানিয়াচং সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত পশ্চিম গড়পাড় সংলগ্ন দুদু মিয়ার রাইছ মিলের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঘটনার দিন সাইদুর রহমান সিএনজি অটোরিক্সা যোগে তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী উপজেলা আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে একই মহল্লার জরিফ উল্লাহর পুত্র আরিফ উল্লাহ ও তার ছোট ভাই প্রবাসী জমির মিয়া ধারালে অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে তাদেরকে নামিয়ে অতর্কিতভাবে কুপাতে থাকে।

তাদের চিৎকার শুনে আশেপাশে লোকেরা এগিয়ে এসে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সাইদুরের আঘাত গুরুতর হওয়ায় বিকালেই তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে হামলাকারী ওমান প্রবাসী জমির মিয়া মামলার ভয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। আহত আনুরা বেগম জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে তার স্বামীর হাতে অস্ত্রোপচার করা হয়েছে।

এ ঘটনায় আহত আনুরা বেগম বাদী হয়ে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে আরিফ উল্লাহর স্ত্রী রাকিয়া বেগম ও প্রবাসী জমির মিয়াকে আসামি করে মঙ্গলবার মামলা দায়ের করেছেন। (মামলা নং-(জিআর৪২১/২০১৬)।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, এখন পর্যন্ত আদালত থেকে কোন নির্দেশনা পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.