Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে হত্যা মামলার রায়ে ৫ জনের ফাঁসির আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৫ অক্টোবর, ২০১৬

হবিগঞ্জে মুক্তাদির হোসেন নামে এক কৃষক হত্যা মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের আনিছ মিয়া, ফরাশ উদ্দিন, বজলু মিয়া, নুর ইসলাম ও জমসের মিয়া।

রায় ঘোষণার সময় আনিছ মিয়া ও ফরাশ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে আসামিরা ২০০২ সালের ২০ মে কৃষক মুক্তাদিরের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান এবং তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত মুক্তাদিরের ভাই মোশাহিদ বাদী হয়ে ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.