Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মাদ্রাসা থেকে কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে চোরেরা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ২টি কম্পিউটারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় আজ মঙ্গলবার মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির পর জগন্নাথপুর থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসায় নৈশ প্রহরী না থাকায় চুরির ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষ নৈশ প্রহরী নিয়োগ দিচ্ছেন না।

এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ জানান, মাদ্রাসার অ্যাডহক কমিটি থাকায় নৈশ প্রহরী নিয়োগ করা সম্ভব হয়নি। আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর নৈশ প্রহরী নিয়োগ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.