নিজস্ব প্রতিবেদক | ২৯ অক্টোবর, ২০১৬
আজ (শনিবার) কালীপূজা ও দীপাবলি অনুষ্ঠানে আতশবাজি ও পটকা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। একইসাথে এগুলো বিক্রয় এবং পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (এসএমপি) রোকন উদ্দিন সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে এ আদেশ জারি করা হয় বলে জানান তিনি।
তিনি আরো বলেন, “বিভিন্ন উৎসব উপলক্ষে আতশবাজি, পটকা ইত্যাদি ফোটানোর প্রবণতা লক্ষ্য করা যায়। এর ফলে নগরবাসীর মনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। এমতাবস্থায় আজ কালীপূজা ও দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ এর ২৯ ও ৩০ ধারার প্রদত্ত ক্ষমতাবলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন প্রকার আতশবাজি, পটকা বা বিকট শব্দ হয় এমন কোন বস্তু ব্যবহার, ক্রয় বিক্রয় এবং বহন নিষিদ্ধ করা হয়েছে।”
এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।