Sylhet Today 24 PRINT

নির্যাতনের অভিযোগে বড়লেখায় চা বাগান ম্যানেজারের বিরুদ্ধে স্ত্রীর জিডি

বড়লেখা প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় এক চা-বাগানের ম্যানেজারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত ওই নারী স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন। (জিডি নং-১১৬০, তারিখ-২৯/১০/২০১৬ইং) অভিযুক্ত স্বামী মারুফ আহমদ (৪০) সদর ইউনিয়নের কেরামত নগর চা বাগানের ম্যানেজার। নির্যাতিতাকে ও তার মেয়কে স্বামী প্রাণে হত্যার হুমকি দিচ্ছেন বলে জিডি উল্লেখ করা হয়েছে।

বড়লেখা থানার জিডি সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কেরামত নগর চা বাগানের ম্যানেজার মারুফ আহমদ তাঁর স্ত্রী দিলরুবা ইয়াছমিনকে (৩২) দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। গত শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে দিলরুবা ইয়াছমিন তার বোনের সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। বোনের সাথে কথা বলতে দেখে হঠাৎ করে স্বামী মারুফ আহমদ ক্ষিপ্ত হয়ে স্ত্রীর উপর নির্যাতন শুরু করেন। এতে দিলরুবার নাকে-মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পরপরই রক্তাক্তবস্থায় ইয়াছমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার ও সুইপার তাঁর সাথে খারাপ আচরণ করেন।

পরে হাসপাতাল থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। কর্তব্যরত চিকিৎসক নির্যাতিতার ব্যবস্থাপত্রে লিখে দেন“রেফার্ড টু এসওএমসিএইচ”। এ ঘটনায় স্বামী মারুফ আহমদের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় জিডি করেছেন ইয়াছমিন।

নির্যাতনের শিকার ইয়াছমিন থানায় এ প্রতিবেদককে বলেন, ‘আমি বড়  অসহায়। স্বামী আমায় নির্যাতনের সময় বলেন প্রশাসনের বড় কর্তাদের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। কেউ আমার কিছু করতে পারবে না। হাসপাতালে গেলে পলাশ ডাক্তার ও সুইপার সেজু আমাকে নিয়ে মশকরা করে। পলাশ ডাক্তারের সাথে আমার স্বামীর ভালো সম্পর্ক থাকায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে গেলও তাঁরা আমায় চিকিৎসা করতে চায়নি।’ তবে অভিযুক্ত চা-বাগান ম্যানেজার মারুফ আহমদ স্ত্রীকে নির্যাতনের ঘটনাটি অস্বীকার করছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুহাম্মদ সহিদুর রহমান স্ত্রী নির্যাতনের অভিযোগে চা-বাগান ম্যানেজার স্বামীর বিরুদ্ধে জিডি এন্ট্রির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.