Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ৩

ওসমানীনগর প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৬

সিলেটের ওসমানীনগরে রিপন মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিপন উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর পশ্চিমহাটি গ্রামের সাকির মিয়ার ছেলে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল দশটার দিকে সাদীপুরের সুতারখাল নদী থেকে রিপনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সাদীপুর ইউপির কারিকোনা গ্রামের উত্তর পাশে সুতারখাল নদীতে একটি লাশ ভাসছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সাথে জড়িত সন্দেহে একই ইউপির কারিকোনা গ্রামের পুতুল দাস, তার স্ত্রী কল্যানী রাণী দাস ও মেয়ে শিপা রাণী দাসকে আটক করেছে পুলিশ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবককে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। সুরতহালে দেখা গেছে লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে পাথর বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছিলো। ধারনা করা হচ্ছে, নারীঘটিত কারণে তাকে খুন করা হতে পারে। মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.