Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে উচ্ছেদ আতঙ্কে তিন চা শ্রমিক পরিবার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানে উচ্ছেদ আতঙ্কে ভুগছে তিন চা শ্রমিক পরিবার।

জানা যায়, দীর্ঘদিন ধরে এ তিন পরিবার এ চা বাগানে বসবাস করে আসছে। চা শ্রমিকরা জানান, গত আগষ্ট মাসে প্রেম সাগর রবি দাশ নামে এক চা শ্রমিকের পরিবারকে বাগান ম্যানেজার উচ্ছেদ করেন। যার কারণে অন্য পরিবারগুলোও বর্তমানে উচ্ছেদ আতঙ্কে রয়েছেন।

গত শনিবার (২৯ অক্টোবর) বাগানের ৭ নং টিলার গাছপালা কেটে উচ্ছেদ শুরু করেছে বাগান কর্তৃপক্ষ। এতে পরিবার নিয়ে উচ্ছেদ হওয়ার শঙ্কায় পড়েছেন তিন চা শ্রমিক দিগেন্দ্র নায়েক (৪৬), কানাই বেনবংশী (৪০) ও রঞ্জিত বেনবংশী (৩২)।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৩ সাল থেকে এখানে বসবাস করে আসছেন তারা। এখন হঠাৎ করে যদি তাদেরকে উচ্ছেদ করা হলে তারা স্ত্রী-সন্তান নিয়ে বিপাকে পড়বেন।

এ ব্যাপারে চা বাগান ব্যবস্থাপক হুমায়ুন রশিদ মজুমদার বলেন, চা বোর্ডের নির্দেশ অনুযায়ী চায়ের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাগান বিস্তৃত করতে হবে। চা গাছের চারা বাড়াতে হবে। কিন্তু তারা বাধাগ্রস্থ করছে। যে তিন পরিবার চা বাগানে কর্মরত আছে, তাদের এ বাগানেই অন্য বাড়ি আছে। তাদের মধ্যে দিগেন্দ্র নায়েক স্থায়ী চা শ্রমিক। বাকি ২ জন বাগানের কোন কর্মী না। গত তিন বছর ধরে তারা এ চা বাগানের জায়গা দখল করে আছে। যদি তারা তাদের নিজ বাড়িতে যেতে না চায়, তাহলে তাদেরকে অন্য কোন জায়গায় বসবাসের সুযোগ করে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.