Sylhet Today 24 PRINT

মাধবপুরে হিন্দুপাড়ায় এখনো আতংক, ২০০ জনকে আসামী করে মামলা

হামিদুর রহমান, মাধবপুর |  ৩১ অক্টোবর, ২০১৬

রোববার বিকেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মাধবপুরে বহরা ইউনিয়নের মনতলার ঘিলাতলি গ্রামে রাতের আঁধারে হিন্দু মন্দির ও বাড়িঘরে ফের হামলার পর আতংকগ্রস্থ হয়ে পড়েছেন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা। এরপর থেকে বাড়ানো হয়েছে পুলিশি প্রহরা তবে কাটেনি আতংক।


এদিকে মনতলা ও নোয়াপাড়া এলাকায় 'তৌহিদি জনতা' ব্যানারে সোমবার দিনেও মিছিল সমাবেশ করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায় তবে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে একদল লোক 'ইসলাম অবমাননার' প্রতিবাদে  মিছিল করেছে।

হামলার ঘটনায় পুলিশ সোমবার দুপুরে দুই যুবককে আটক করেছে। আটকৃতরা হলেন মৌজপুর এলাকার  লাহু মিয়া ও আব্দুল হক। মাধবপুর থানার উপ- পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম জানান, মন্দিরে ও বাড়িঘরে হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ২ যুবক কে আটক করা হয়েছে।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।"

ঘিলাতলী শ্রী শ্রী জগন্নাথ দেবতার আখড়ার পুরোহিত শঙ্কর ভট্টাচার্য বলেন  কিছু লোক রাত ৯ টার দিকে দা, লাটি , শাবল নিয়ে মিছিল দিয়ে আখড়ায় হামলা করে। এ সময় তিনি ভয়ে পালিয়ে যান। তার ঘর থেকে স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে গেছে।

এদিকে সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, হবিগঞ্জ পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, ডিবি পুলিশের ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছেন।


প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাস দাস নামের এক যুবকের আইডি থেকে আপত্তিকর ছবি পোস্ট করা হয়। পরে ওই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হলেও এর প্রতিবাদে 'ইসলাম অবমাননার' অভিযোগে নাসিরনগর ও মাধবপুরে 'আহলে সুন্নাতওয়াল জামাত' ও 'খাঁটি আহলে সুন্নাতওয়াল জামাত' পৃথক সমাবেশ করে। এসব সমাবেশ থেকে একদল লোক নাসিরনগর ও মাধবপুরে হিন্দুপাড়ায় গিয়ে মন্দিরে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.