Sylhet Today 24 PRINT

জাফলংয়ে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

গোয়াইনঘাট প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৬

সিলেটের জাফলংয়ে লাখেরপাড় গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের পরিবার সূত্রে জানা যায়।

রোববার রাতে জাফলংয়ের লাখের পাড় গ্রামের শুকুর মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুকুর মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাতের জের ধরে ৪টি বসতঘর, ঘরে থাকা আসবাপত্র, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ক্ষতিগ্রস্থদের পরিবার। ঘটনার সময়ে বাতাসের সমন্বয়ে সৃষ্ট আগুনের লেলিহান শিখা প্রায় ৫০ ফুট উপরে বিস্তৃত ছিলো। এতে আগুন দ্রত বাড়ির আশপাশে ছড়িয়ে পড়ে। ফলে শক্কুর মিয়া, শহিদ মিয়া, তাহের মিয়া ও মুর্শেদা বেগমের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডের ফলে পার্শ্ববর্তী বাড়ির মালামাল সরিয়ে ফেলা হয়। স্থানীয় জনতা এগিয়ে এসে প্রায় চার-ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি ভাবে সহায়তার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হবে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.