নিজস্ব প্রতিবেদক | ০১ নভেম্বর, ২০১৬
সিলেটের জেলা প্রশাসকসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ সুরমার লালাবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে সোমবার (৩১ অক্টোবর) সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা (মামলা নং ১৩০৯/২০১৬) দায়ের করা হয়। সমিতির নির্বাচনে পরাজিত সভাপতি পদপ্রার্থী মো. ওয়ারিছ আলী বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় অপর আসামীরা হচ্ছেন- দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল ওহাব খান খোকা, অ্যাডভোকেট মোহিদ হোসেন, নব নির্বাচিত সভাপতি এনাম মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম ও ফারুক আহমদ।
মামলার বাদি জানান, বাজার কমিটির নির্বাচন বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার নিমিত্তে মামলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আসামি করা হয়েছে। গত ২০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।