সংবাদ বিজ্ঞপ্তি | ০১ নভেম্বর, ২০১৬
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাত সর্দার মইন উদ্দিনকে (৪২) অস্ত্রসহ আটক করেছে।
সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নগরীর দলদলি চা বাগান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক মইন উদ্দিন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাহাপুর গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিমানবন্দর থানাধীন দলদলি চা-বাগান সংলগ্ন কালাপাথর মাঠে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্য অস্ত্র নিয়ে রাতে বসতবাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। মহানগর গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার জুবের আহমদ পিপিএম, পুলিশ পরিদর্শক জামশেদ আলম এবং পুলিশ পরিদর্শক মোঃ নুরুল আলম ফোর্স নিয়ে রাত সাড়ে ১০টায় কালাপাথর মাঠে অভিযান চালান। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে সংঘবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার মইন উদ্দিন পুলিশের হাতে ধরা পড়ে।
ঘটনাস্থল থেকে বসতবাড়ির গ্রীল ভাঙ্গার ১৮ ইঞ্চি লম্বা নীল ও হলুদ রংয়ের ১টি লোহার তৈরি কাটার, বসতবাড়ির দরজা ভাঙ্গার আনুমানিক ৩ ফুট লম্বা ১টি শাবল, ২ ফুট লম্বা এক মাথা বাঁকানো দরজা ভাঙ্গার একটি লোহার রড, কাঠের বাটযুক্ত দেড় ফুট লম্বা ১টি ধারালো দা, ১০ ইঞ্চি লম্বা প্লাস্টিকের বাটযুক্ত ১টি স্টিলের ছোরা, কাঠের বাটযুক্ত ১০ ইঞ্চি লম্বা ১টি লোহার তৈরী ছুরি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটক ডাকাত মইন উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তিউতির কথা স্বীকার করেছে। আটক ডাকাত মইন উদ্দিনসহ পালিয়ে যাওয়া ডাকাতদের সকলেই আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা বসতবাড়িতে ডাকাতিসহ দিনের বেলায় মোটরসাইকেল ব্যবহার করে মহানগরীর বিভিন্ন রাস্তায় পরিকল্পিত ভাবে ছিনতাই করে থাকে। মইন উদ্দিনকে আটকের পর ছিনতাইয়ের স্বীকার বেশ কয়েকজন মহানগর গোয়েন্দা কার্যালয়ে এসে মইন উদ্দিনকে সনাক্ত করেছেন।
মইন উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির ৮/১০ টি মামলা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন আছে। আটক মইন উদ্দিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ নুরুল আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় ডাকাতি সংঘটনের প্রস্তুতির মামলা দায়ের করেছেন।