জগন্নাথপুর প্রতিনিধি | ০১ নভেম্বর, ২০১৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরির অভিযোগে সামত আলী (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সামত আলী জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মক্রমপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, কিছুদিন আগে একটি গরু চুরির শালিস করেন জগন্নাথপুর উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। এ সময় আটক চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে সামত আলীকে অভিযুক্ত করা হয়। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় কামিনীপুর গ্রামের মিজান নামের এক ব্যক্তি সামত আলীকে ফোনে ডেকে জগন্নাথপুর নিয়ে আসেন। এ সময় জগন্নাথপুর বাজার থেকে সামত আলীকে আটক করে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের কাছে নিয়ে যান এলাকার লোকজন। পরে সামত আলীকে গণধোলাই দিয়ে মঙ্গলবার দুপুর ২ টার দিকে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
চুরির অভিযোগে ধৃত যুবককে থানা পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই কায়েমুল ইসলাম।
এ ব্যাপারে জানতে চাইলে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক জানান, ধৃত সামত আলী আমার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১৮টি গরু চুরির কথা স্বীকার করেছে।